দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বাজারে টাটকা, বৈচিত্র্যময় ও পুষ্টিকর সবজির সমারোহ বেশি থাকে। ফলে ক্রেতাদের মধ্যেও বাড়ে কেনাকাটার আগ্রহ। পছন্দের নানা ধরনের সবজি সহজেই পাওয়া যায় বাজারে। তবে শীতের শুরুতে নতুন সবজি বাজারে আসায় দাম থাকে কিছুটা চড়া।
বর্তমানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাজারে মিলছে নানা জাতের বেগুন। বড় তাল বেগুনের দাম কেজিপ্রতি ৯০ টাকা। মাঝারি মানের এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে তুলনামূলক কম দামে মিলছে পেঁপে, প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা।
বছরের অন্যান্য সময়ের তুলনায় সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও অনেক ক্রেতার দাবি, এখনো নাগালের মধ্যে আসেনি বেশিরভাগ পণ্য। বাজারে সরবরাহ বাড়লেও কেন কমছে না দাম—এমন প্রশ্ন ঘুরেফিরে আসছে ক্রেতাদের মুখে।
খুচরা বিক্রেতারা এ জন্য দীর্ঘদিনের প্রচলিত হাতবদল বা মধ্যস্বত্বভোগী নির্ভর বাজারব্যবস্থাকে দায়ী করছেন। পাশাপাশি উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়াকেও দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। সার, বীজ, কীটনাশক ও সেচের বাড়তি ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামে যুক্ত হচ্ছে বলে দাবি বিক্রেতাদের।
এদিকে, বেশ কিছু সবজির দাম এখনো কেজিপ্রতি শতকের ঘর ছুঁয়েছে। এই তালিকায় রয়েছে টমেটো, করলা ও নতুন আলু। তবে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে এসব পণ্যের দাম কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
সবজির বাজারে কিছুটা বৈচিত্র্য এলেও রাজধানীর পোলট্রি বাজারে স্বস্তি নেই। মূল্যস্ফীতির চাপের মধ্যেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। বিক্রেতাদের দাবি, শীতকালে লোকসানের ঝুঁকি এড়াতে অনেক খামারি উৎপাদন কমিয়ে দেন। এর প্রভাব পড়ছে বাজারদামে।
বর্তমানে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়।
মাছের বাজারেও স্বস্তি ফিরছে না। অধিকাংশ মাছই বিক্রি হচ্ছে আগের উচ্চমূল্যে। প্রতি কেজি রুই মাছের দাম ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা। এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।
সব মিলিয়ে শীতের সবজিতে বাজার ভরে উঠলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চমূল্য থেকে মুক্তি মিলছে না ক্রেতাদের। সবজির পাশাপাশি ডিম, মাংস ও মাছের বাড়তি দাম সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
এমজে